ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম অভিযোগ করেছেন, দেয়ালে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হলেও বিষয়টি রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। তার দাবি, ওই শব্দটি প্রধানমন্ত্রী চয়ন করেছেন, যা তার পদের সঙ্গে যায় না।
বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন শিবিরকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের ট্যাগিং বা গণরুম সংস্কৃতিভিত্তিক রাজনীতি ফিরতে দেওয়া উচিত নয়।
তিনি অভিযোগ করেন, অতীতের মতোই ছাত্রলীগ ও পুলিশ একসঙ্গে বিরোধীদের ওপর হামলা চালিয়েছে। একই ধরনের পরিস্থিতি গতকালও দেখা গেছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ছাত্রদলের বহিরাগত ক্যাডাররা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সামনে শিবিরের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে, অথচ পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
দেয়ালে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, “এই শব্দ আমরা ধারণ বা বর্জন কোনোটাই করি না। কে কাকে ‘গুপ্ত’ বলল, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।”
তিনি আরও জানান, সংঘর্ষে শিবিরের পাহাড়তলী ওয়ার্ড ইউনিটের সভাপতি আশরাফুল আলম গুরুতর আহত হয়েছেন। তার একটি পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। অপারেশন করা হলেও আগামী তিন দিনের মধ্যে অবস্থার উন্নতি না হলে পা কেটে ফেলতে হতে পারে বলে চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে সাদিক কায়েম বলেন, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা না হলে দেশের বিভিন্ন ক্যাম্পাসে একই ধরনের সহিংসতা বাড়বে বলে তিনি সতর্ক করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা কি সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন কি না, তা খোলাখুলি জানান। তাহলে আমরাও আপনাদের সেভাবে ডিল করব।”







